রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) ছাত্রীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছাত্রীদের আন্দোলনে পুলিশি বলপ্রয়োগ এবং ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াতের আমির। সেখানে তিনি প্রশ্ন করেন, ‘দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে? এটা দেখার এই দেশে কেউ কি নেই?’

ডা. শফিকুর রহমান বলেন, রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, হলের আসন পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনাকে আরও উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে জামায়াত আমির বলেন, ‘সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে?’
এ ঘটনায় অবিলম্বে সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের আহ্বান জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে জনগণের ওপর দমন-পীড়নের সংস্কৃতি বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।
















