অভিনয় ও উন্নয়নকর্মের পাশাপাশি পেশাগত জীবনে নতুন এক অধ্যায় শুরু করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘ দুই দশক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে কাজ করার পর এবার যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। একই সঙ্গে নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতাও শুরু করেছেন এই অভিনেত্রী ও উন্নয়নকর্মী।
নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে নতুন এই পেশাগত যাত্রার খবর জানিয়েছেন মিথিলা। তিনি কলম্বিয়া ইউনিভার্সিটির ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে কাজ শুরু করেছেন।
নতুন দায়িত্বে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন মিথিলা। প্রকল্পটির মূল লক্ষ্য প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করা। বিশেষ করে জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পরিবেশের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-এর যে দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা!

মিথিলা জানান, স্থানীয় মানুষের প্রয়োজনের সঙ্গে গবেষণার লক্ষ্যগুলোর সমন্বয় ঘটিয়ে তথ্য ও প্রমাণভিত্তিক কার্যক্রম আরও এগিয়ে নিতে চান তিনি। দীর্ঘদিনের বৈশ্বিক উন্নয়নকাজের অভিজ্ঞতা নতুন এই প্রকল্পে কাজে লাগাতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
গবেষণার পাশাপাশি শিক্ষকতাতেও যুক্ত হয়েছেন মিথিলা। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। সেখানে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পড়াবেন এবং শিক্ষার্থীদের বাস্তব বিশ্বের অলাভজনক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে ধারণা দেবেন।
দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মিথিলা। তার পেশাগত বিকাশে ব্র্যাকের অবদানের কথা উল্লেখ করে তিনি জানান, বিনোদন জগতের বাইরের কর্মজীবনের প্রায় দুই দশকের মধ্যে ১৫ বছর ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন।
এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিবেশ ও মেধাবী গবেষকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিথিলা। নতুন এই যাত্রায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। আপাতত ক্যামেরার আলো থেকে কিছুটা দূরে থেকে নিজের দীর্ঘদিনের বৈশ্বিক অভিজ্ঞতাকে গবেষণা ও শিক্ষাক্ষেত্রে কাজে লাগাতে চান এই তারকা।

















