‘বিএনপির ভাইবোনেরা মনে হয় জুলাইয়ের সবকিছুই ভুলে গেছেন। তারা ভুলে গেছেন গত ১৭ বছরে মানুষের সঙ্গে কী হয়েছে, ভুলে গেছেন শহীদ আবু সাঈদের রক্তের কথা।’ বিএনপির সমালোচনা করে এমন মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগ এবং ছাত্রীদের সঙ্গে আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তব্যে ফাতিমা তাসনিম জুমা বলেন, আগের রাতে ইডেন কলেজের পাশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যেভাবে বল প্রয়োগ করেছে, তা ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুননাহার হলের ঘটনার কথা মনে করিয়ে দেয়। ওই সময় হলের ভেতরে পুলিশ ও ছাত্রদলের সদস্যরা প্রবেশ করে ছাত্রীদের নির্যাতন করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

তিনি আরও বলেন, ছাত্রীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। কিন্তু সেখানে পুলিশ এক ছাত্রীকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে বের করেছে। এমনকি পুরুষ পুলিশ সদস্যরা ছাত্রীদের গায়েও হাত দিয়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
পুলিশের ভূমিকার সমালোচনা করে ইনকিলাব মঞ্চের এই নেত্রী বলেন, ‘আপনারা দেখবেন, এই পুলিশ জুলাইয়ের চেয়ে বেশি হিংস্র হয়েছে। শ্রমিক আন্দোলনে শ্রমিকদের মারছে, শিক্ষার্থীদের মারছে। কাকে মারবে, কাকে মারবে না, তাদের কোনো হুঁশ নেই।’
পুলিশের এমন আচরণের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, পুলিশকে এভাবে হিংস্র করে তোলা হচ্ছে কেন? এ বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে বলেও দাবি জানান তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে ফাতিমা তাসনিম জুমা বলেন, শিলংয়ে থাকতে ভালো লাগলে তিনি সেখানে ফিরে যেতে পারেন। তার অধীন পুলিশ সদস্যরা কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করে ছাত্রীদের ওপর বল প্রয়োগ করছেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইনকিলাব মঞ্চ তাদের তিন দফা দাবি নিয়ে চট্টগ্রামে এসেছে। এসব দাবির পক্ষে সংগঠনটি আন্দোলন চালিয়ে যাবে।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি চেরাগী পাহাড় মোড় প্রদক্ষিণ করে জামাল খান মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেতারা।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
















