গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পোশাকশ্রমিক তৌফিক শেখ। তাঁর মৃত্যুর পর অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। বিশেষ করে সদ্য জন্ম নেওয়া সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাঁর স্ত্রী। এমন পরিস্থিতিতে তৌফিকের স্ত্রীকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে লায়লা স্টাইলস লিমিটেড কর্তৃপক্ষ। পাশাপাশি তাঁদের সন্তানের দায়িত্বও নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (৬ নভেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে তৌফিকের বাড়িতে যান লায়লা স্টাইলস লিমিটেডের কর্মকর্তারা। এ সময় তাঁরা পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তৌফিকের স্ত্রীর হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মিন্টু সাহা। এ ছাড়া বিক্রি হয়ে যাওয়া বসতভিটার জায়গা ফিরিয়ে নেওয়ার জন্য তাঁকে আরও ৬০ হাজার টাকা দেওয়া হয়।
চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

মিন্টু কুমার সাহা জানান, তৌফিক তাঁদের কারখানার কাটিং বিভাগে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পরিবারটিকে স্বচ্ছল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে গত ২ নভেম্বর গাজীপুর সদর উপজেলার তালহা গার্মেন্টসের সামনে শ্রমিক বিক্ষোভের মধ্যে ভিডিও ধারণ করতে গেলে মারধরের শিকার হন তৌফিক শেখ। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর ঢাকার শিন শিন জাপান হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
















