হঠাৎ তীব্র বুকব্যথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত থাকলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে সিলেট নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে মন্ত্রী তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন। পরে দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। এরপর দ্রুত তাকে সিলেট নগরে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

জুরেজ আবদুল্লাহ আরও জানান, চিকিৎসকেরা মন্ত্রীকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে হাসপাতালে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। পরে তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে মন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উদ্বেগ দেখা দেয়। তবে চিকিৎসকদের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
















