গাইবান্ধা প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ পরিচালনা করছে। সরকারকে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে হলে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে জেলা নাগরিক পার্টি আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী শপথ না নিয়ে বিএনপি সরকার গণঅভ্যুত্থান ও গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে। অতীতের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও একইভাবে জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি।
ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

তিনি আরও বলেন, সরকারকে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেনসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
















