ডিসেম্বর মাসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন আলোচনা ও আওয়াজের মধ্যে তার এ বক্তব্য সামনে এসেছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং শেখ হাসিনা ও তার দলের কর্মকাণ্ডের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত একটি প্রদর্শনীতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
ডা. জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বর মাস আসছে। এর মধ্যে শেখ হাসিনার দেশে ফিরে আসার বিষয়ে নানা আওয়াজ শোনা যাচ্ছে। তবে ডিসেম্বর মাসে তার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই।
মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি

প্রদর্শনী প্রসঙ্গে তিনি বলেন, এর মাধ্যমে শেখ হাসিনা ও তার দল অতীতে যে তাণ্ডব চালিয়েছে, তার স্মৃতিচিহ্ন তুলে ধরা হয়েছে। এ ধরনের জাদুঘর ও প্রদর্শনীর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ক্রমাগত সজীব ও সতেজ রাখতে চান তারা।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের মন থেকে শেখ হাসিনা তো বটেই, তার দলেরও রাজনৈতিক অধ্যায়ের অবসান হোক—এটাই তার প্রত্যাশা।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং ওই সময়ের ঘটনাপ্রবাহ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার অংশ হিসেবেই এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

















