রাজধানীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘ক্লাব চ্যাম্পিয়ন্স স্পিড স্কেটিং প্রতিযোগিতা ২০২৬’। বাসাবো স্কেটিং একাডেমি ও জয় স্কেটিং ক্লাবের যৌথ আয়োজনে গত শুক্রবার (২ অক্টোবর) বাসাবো বালুর মাঠে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৪০০ জন খুদে স্কেটার অংশ নেয়।
প্রতিযোগিতায় ঢাকা ছাড়াও রাজশাহী, নাটোর, বগুড়া ও ভোলার মোট ১২টি ক্লাব অংশ নেয়। মোট ৮টি গ্রুপে ২১টি ইভেন্টে এই প্রতিযোগিতা পরিচালিত হয়।
টুর্নামেন্টে বগুড়া রোলার স্কেটিং ক্লাব ও বগুড়া ক্যান্টনমেন্ট স্কেটিং ক্লাবের ১১ জন খুদে স্কেটার অংশ নেয়। ৬ থেকে ১২ বছর বয়সী ৪টি গ্রুপের ৬টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে তারা মোট ৭টি পদক অর্জন করেছে। এর মধ্যে রয়েছে ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক।
বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

পদকজয়ী খুদে স্কেটাররা হলেন: মো. আদিয়্যাত ইসলাম দুরন্ত (স্বর্ণ), শাহরিয়ার কবির স্মরণ (স্বর্ণ), মো. মুহতাদী জামান (স্বর্ণ), নুসাইবা বিনতে হাসান (স্বর্ণ), মাহি ইসলাম মাহি (স্বর্ণ), জাফনুন আলম মারিয়া (রৌপ্য) এবং এস. জাহান জিহা (ব্রোঞ্জ)।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি ডা. কামরুজ্জামান কায়সার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাদিম।
এ ছাড়া পুরো প্রতিযোগিতাটি সফলভাবে পরিচালনা করেন ফেডারেশনের টেকনিক্যাল কমিটির প্রধান মোহাম্মদ জাবেদ। বগুড়ার খুদে স্কেটারদের এমন গৌরবময় সাফল্য স্থানীয় ক্রীড়াপ্রেমীদের আনন্দিত করেছে।

















