ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা। পরদিন সকালে তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মৃত ব্যক্তিরা হলেন ৩৭ বছর বয়সী মহেশ, তাঁর ৩৫ বছর বয়সী স্ত্রী ললিতা এবং তাঁদের তিন সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলের বয়স ১১ ও তিন বছর এবং মেয়ের বয়স সাত বছর।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা ঘুমাতে যান। শনিবার (১৭ অক্টোবর) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে পরিবারের পাঁচ সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

স্থানীয় বাসিন্দা ও মৃত দম্পতির মায়ের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে পরিবারটি নুডলস খেয়েছিল। এরপর তাঁরা ঘুমাতে যান। তবে নুডলস খাওয়ার সঙ্গে মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া জানান, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা বিছানায় শুয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই তাঁদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, ফরেনসিক দল এবং খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। পাশাপাশি পাঁচজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যেতে পারে। নুডলস কিংবা অন্য কোনো খাবার থেকে খাদ্যে বিষক্রিয়া হয়েছিল কি না, সেটিও তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্তে পাওয়া তথ্য ও ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
















