দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়ানোর পাশাপাশি তরুণদের মাঠমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার ধামরাইয়ে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার জন্য মাঠের প্রয়োজন। সরকার দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে ধামরাই উপজেলাতেও একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে।
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে কালামপুর যুবক সমিতির আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে সাটুরিয়ার প্যারাডাইস এফসি ও ধামরাইয়ের সোনালী অতীত মুখোমুখি হয়। ম্যাচ দেখতে মাঠে ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় ছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ। ম্যাচের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচকে ঘিরে ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

















