বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. নুর ইসলাম (৪৫) নামের এক আসামিকে পৃথক দুটি যাবজ্জীবন (৬০ বছর) সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বগুড়ার জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম বগুড়ার কাহালু উপজেলার আড়োয়া আবাসন এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ ২০২৫ খ্রি. তারিখে ছয় বছর বয়সী শিশু এবং সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে কাহালু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!

প্রথম মামলায় ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে নুর ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দ্বিতীয় মামলায় সাত বছর বয়সী শিশুনিকে ধর্ষণের দায়ে তাকে পৃথকভাবে আরও এক মেয়াদে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালতের রায়ের নির্দেশনা অনুযায়ী, আসামির দুটি যাবজ্জীবন সাজা পরপর কার্যকর হবে। অর্থাৎ, প্রথম যাবজ্জীবন সাজা ভোগের মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় সাজা কার্যকর শুরু হবে। এ ছাড়া দণ্ড থেকে আদায় করা মোট ১ লাখ টাকা জরিমানার সব অর্থ ভুক্তভোগী দুই শিশুর মায়ের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন বিচারক।
রায় ঘোষণার পর আদালত থেকে জারি করা সাজা পরোয়ানা অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দণ্ডপ্রাপ্ত নুর ইসলামকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
















