চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরিয়ে দেয়। তবে পুলিশের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, বুধবার রাতে কে বা কারা বাড়িটির নিচতলায় অবস্থিত একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশের এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। টহলরত পুলিশ সদস্যরা হঠাৎ কক্ষটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত সেখানে ছুটে যান এবং তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওসি আরও জানান, কী কারণে এবং কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বাড়িটির নিচতলায় বর্তমানে কেউ বসবাস করেন না। দীর্ঘদিন ধরে ওই অংশটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন। ঘটনার পর বাড়িটি ও আশপাশের এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জানা গেছে, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আদি পৈতৃক নিবাস চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তাঁর বাবা ব্যবসার সুবাদে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় এই বাড়িটি নির্মাণ করেন। অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোরের একটি বড় সময় কেটেছে এই বাড়িতে। ফলে বাড়িটি তাঁর পারিবারিক স্মৃতির সঙ্গেও জড়িয়ে রয়েছে।
এদিকে, অধ্যাপক ইউনূসের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার আগে চট্টগ্রামের আরও কয়েকটি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কয়েক দিন আগে জেলার আনোয়ারা ও সাতকানিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানেও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিসংযোগের এসব ঘটনার মধ্যে এবার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পারিবারিক বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে সর্বশেষ এ ঘটনার সঙ্গে আগের ঘটনাগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশি তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

















