দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার রূপপুরে পৌঁছেছে রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় পৌঁছায়। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি আমদানির কার্যক্রম সম্পন্ন হলো। একই সঙ্গে প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রমও এগিয়ে চলছে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় প্রবেশ করে। এ সময় সেনাবাহিনীর তত্ত্বাবধানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে জ্বালানিবাহী লরিগুলো প্রকল্প এলাকায় নেওয়া হয়।
কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আমদানির পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান নির্ধারিত ছিল। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। সর্বশেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে নির্ধারিত আমদানি কার্যক্রম শেষ হয়েছে।
দুই ছাত্রীকে বিয়ের অভিযোগ, এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে গ্রেপ্তার শিক্ষক!

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। অর্থাৎ দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, পারমাণবিক জ্বালানির শেষ চালান পৌঁছানোর পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে। গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে কেন্দ্রটির বিভিন্ন কারিগরি কার্যক্রম পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুরের প্রথম ইউনিট। ওই দিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়। প্রথম দফার পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সফল পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি পুরো জাতির জন্য আনন্দের সংবাদ। দীর্ঘ অপেক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন পর্যায়ের জটিল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ ধাপে ১০ থেকে ২৪ ঘণ্টা ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে কেন্দ্রটির কার্যক্রমের বিভিন্ন দিক পরীক্ষা করা হবে।
রাশিয়ান ঠিকাদারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। এ সময় রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব গ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কার্যক্রম শুরু হবে।
সব মিলিয়ে পারমাণবিক জ্বালানি আমদানির নির্ধারিত প্রক্রিয়া শেষ হওয়ায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট পরিচালনার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। এখন পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার অপেক্ষা। দুটি ইউনিট চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

















