কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মী ও ভক্তদের সাথে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক সুজন চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এসপি) ফেরদৌস।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। দেশ সবার, ধর্ম যার যার। আমাদের উচিত সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিজ নিজ অবস্থান থেকে পূজামণ্ডপ রক্ষায় এগিয়ে আসা।” তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাবেক সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দেব, সাবেক সভাপতি নির্মল দেব, বর্তমান সভাপতি অমিত ঘোষ, সাধারণ সম্পাদক গৌতম দেব, কার্তিক চন্দ্র, ডা. মিহির ঘোষ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এস. এ. বারী সেলিম, মামুনুর রশিদ মজুমদার ও মাহবুব চৌধুরী। এ ছাড়া পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহাসহ মন্দির কমিটির সদস্য ও অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

















