নিজের নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে সরকারি সম্পদ রক্ষায় চোরকে আটক করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মিঠু হালদার। বরিশাল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব পালনকালে তার এই পদক্ষেপ বাহিনীর দায়িত্বনিষ্ঠার পরিচয় দিয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৬টায় বরিশাল বিমানবন্দরের আনসার গার্ডের ২৫ নম্বর পোস্টে দায়িত্ব পালনকালে মিঠু হালদার দেখতে পান, ঘাস কাটার শ্রমিকদের সঙ্গে এক ব্যক্তি পোস্টের ভেতরে ঢুকে মাটি খুঁড়ে বৈদ্যুতিক কেবল চুরি করছেন। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করতে এগিয়ে যান। এ সময় অভিযুক্ত ব্যক্তি হাতে থাকা কাঁচি দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি আত্মরক্ষার্থে হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার হাতের আঙুল গুরুতরভাবে জখম হয়। ঘটনার কিছুক্ষণ পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আহত মিঠু হালদারকে তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার বৃদ্ধাঙ্গুলির টেন্ডন কেটে যাওয়ার বিষয়টি শনাক্ত করেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। জেলা কমান্ড্যান্টের অনুমতিক্রমে রেঞ্জ অফিসের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সিপাহি মো. আজাদ হোসেনের সঙ্গে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুনামগঞ্জের তাহিরপুরে প্রায় ৩০০ অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নিজের নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও অপরাধ প্রতিরোধে মিঠু হালদারের এই পদক্ষেপ বাহিনীর সদস্যদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারত্বের প্রতিফলন ঘটিয়েছে। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে রাষ্ট্রীয় সম্পদ, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।
















