দেশের ভেতরে ও বাইরে থেকে একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব অপচেষ্টা প্রতিহত করতে এবারের দুর্গাপূজায় নিরাপত্তাবলয় গড়ে তুলতে সরকার সার্বিক উদ্যোগ নিয়েছে। যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি দলের পক্ষ থেকে জাতীয় কমিটি গঠন করে পূজা উদ্যাপন কমিটির সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। নেতাকর্মীদের মণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ, পাহারার ব্যবস্থা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
পূজায় যাত্রীদের জন্য সুখবর, প্রস্তুত ২০০ বিআরটিসি বাস!

এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, এ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস বেশি। এখানকার সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এর আগেও কয়েকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হিন্দু, মুসলমান ও খ্রিষ্টান—সব সম্প্রদায়ের মানুষের কাছে তিনি জনপ্রিয়। এলাকার মানুষের সুখ-দুঃখ ও আনন্দ-বেদনার সঙ্গে তিনি সম্পৃক্ত থাকেন। তাই আসন্ন দুর্গাপূজা নিরাপদে উদ্যাপনে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন রিজভী।
অনুষ্ঠানে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, ‘এ দেশ আমাদের সবার। আমরা সবাই নিজেদের মতো বাঁচব এবং নিজ নিজ ধর্ম পালন করব। কেউ কারও ধর্মকে ছোট করে দেখব না।’
তিনি আরও বলেন, এ ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। এলাকার প্রতিটি উন্নয়নকাজে তিনি পাশে থাকবেন। আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর দলের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা ও বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান।
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাধ্যেশ্যাম বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের এএসপি শামীম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, সহসভাপতি আবু শফিক খন্দকার মাসুদ এবং নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফসহ অন্যরা।
















