গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচে পানিতে ওই নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার মৃত্যুর কারণ সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

















