বগুড়ার ধুনটে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে জামাই-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার মথুরাপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী সাজেদা বেগম (৪৩) এবং একই এলাকার কৈগাঁতী গ্রামের মহাবেল হোসেনের ছেলে ও সাজেদার মেয়ে জামাই ফরিদুল ইসলাম (২৮)।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার খাটিয়ামারি গ্রামের এক ব্যক্তির ১৬ বছর বয়সী মেয়ে চলতি বছর খাটিয়ামারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। স্কুলে যাতায়াতের পথে মথুরাপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২৩) তাকে প্রেমের প্রস্তাব দেন। তবে ওই ছাত্রী প্রস্তাবে রাজি হয়নি।
মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

এরপরও শাকিল ওই ছাত্রীকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকেন। বিষয়টি ভুক্তভোগী তার বাবা-মাকে জানালে শাকিল তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলা সূত্রে আরও জানা যায়, এক সকালে বাড়ির সামনের রাস্তা থেকে ওই ছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় শাকিল ও তার সহযোগীরা। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় শাকিল, তার মা-বাবা ও ভগ্নিপতিসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
ধুনট থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওসমান গনি বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

















