প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবরে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। হঠাৎ তাদের এমন সিদ্ধান্তের কারণ কী—এ প্রশ্ন ঘুরছে ভক্তদের মধ্যে। ঘনিষ্ঠজনদের সূত্রে উঠে এসেছে প্রীতমের ব্যস্ততা, দাম্পত্যে তৈরি হওয়া দূরত্ব ও দুজনের মধ্যে মতপার্থক্যের বিষয়টি। তবে এসবের কোনোটিকেই এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কারণ হিসেবে জানাননি এই তারকা জুটি।
রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেহতাজ জানান, পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণভাবেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে পরিবারের সমর্থন নিয়ে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগোচ্ছেন তারা।
ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, সাম্প্রতিক সময়ে শো ও সংগীতের বিভিন্ন কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছিলেন প্রীতম। এতে দাম্পত্য জীবনে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলে দাবি তাদের পরিচিতদের। এ নিয়ে কয়েক মাস ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল বলেও সূত্রগুলো জানিয়েছে।
২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’

প্রীতমের ব্যস্ততার পাশাপাশি শেহতাজের পরিবর্তন নিয়েও তাদের ঘনিষ্ঠ মহলে আলোচনা রয়েছে। সূত্রগুলোর দাবি, পারিবারিক জীবনে সময় দেওয়ার ঘাটতি নিয়ে দুজনের মধ্যে একাধিকবার মতবিরোধ হয়েছিল। তবে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে বিস্তারিত বলতে চাননি তাদের ঘনিষ্ঠরা।
২০২২ সালের ২৮ অক্টোবর বিয়ে করেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। এর আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা। ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাদের পরিচয় হয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমে, এরপর বিয়েতে।
বিচ্ছেদের ঘোষণা দিয়ে দেওয়া পোস্টে শেহতাজ জানান, অনেক ভেবেচিন্তে তারা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা পথ চলাই তাদের জন্য ভালো। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এখনো তারা একে অপরের প্রতি যত্নশীল।
শেহতাজ একই সঙ্গে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন।
তবে শেষ পর্যন্ত কী কারণে তাদের দীর্ঘদিনের সম্পর্ক ও দাম্পত্য জীবনের ইতি ঘটছে, সে বিষয়ে প্রীতম বা শেহতাজের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

















