সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে গত সেপ্টেম্বর মাসে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি ও দর্শনার্থীর সমাগম হয়েছে। মাসজুড়ে মোট ২ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯৭৭ জন সেখানে এসেছেন বলে জানিয়েছে দুই পবিত্র মসজিদের সেবা ও তত্ত্বাবধানবিষয়ক জেনারেল অথরিটি।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ১৪ লাখ ৪৯ হাজার ৭৯১ জন দর্শনার্থী রওজা শরীফে নামাজ আদায় করেছেন। এ ছাড়া ৩ লাখ ৫৫ হাজার ১৩০ জন পথনির্দেশনা সেবা নিয়েছেন এবং ২ লাখ ৮৭ হাজার ৮৮৬ জন অতিথি সেবাকেন্দ্রের সেবা গ্রহণ করেছেন।
দর্শনার্থীদের ধর্মীয় জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করার উদ্যোগের অংশ হিসেবে এ সময়ে মসজিদে নববীর গ্রন্থাগার পরিদর্শন করেছেন ৮১ হাজার ২৪৩ জন। পাশাপাশি মসজিদটির বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেছেন ১ লাখ ৩৭ হাজার ৮৬৭ জন দর্শনার্থী।
‘বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে’, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য!

কর্তৃপক্ষ জানিয়েছে, বিপুলসংখ্যক মুসল্লি ও দর্শনার্থীকে উন্নত সেবা দেওয়ার চলমান প্রচেষ্টার প্রতিফলন এসব পরিসংখ্যান। পবিত্র এই মসজিদে আগত ব্যক্তিদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করা এবং শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায়ের সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
সূত্র: সৌদি গেজেট

















