শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে শাকিলা আক্তার নামের সাত মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার স্বামী রাজু আহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শনিবার সকালে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাকিলা আক্তার (২৭) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শিমুলতলী গ্রামের সাইদুর রহমানের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে শাকিলার সাথে রংপুরের কাউনিয়া এলাকার রাজু আহম্মদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা শ্রীপুরে ভাড়া থাকতেন এবং রাজু একটি পোশাক কারখানায় চাকরি করতেন। শাকিলার বড় বোন সাবিনা ইয়াসমিন জানান, শনিবার ভোরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। স্বামী ও স্ত্রী একই ঘরে থাকার পরও এই ঘটনার ধরণ নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।
ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

আটক স্বামী রাজু আহাম্মদ পুলিশের কাছে দাবি করেছেন, রাতে তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়েছিল। একপর্যায়ে শাকিলা বটি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করলে তিনি নিজেকে বাঁচাতে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে ছাদে চলে যান। পরে ঘরে ফিরে তিনি স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
শ্রীপুর থানার উপপরিদর্শক ওবায়দুল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মূলত এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ।

















