মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান ও বন্ডের সুদের হার বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম। এক সপ্তাহের ব্যবধানে মূল্যবান এই ধাতুটির দরে বড় ধরনের পতন দেখা গেছে।
শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ০৬ ডলারে নেমে আসে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত সোনার দাম কমেছে প্রায় ৩ দশমিক ৪ শতাংশ। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৬২ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।
বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হ্যান তান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সোনা ব্যবসায়ীরা আপাতত অতিরিক্ত আশাবাদী হতে চাইছেন না। কারণ মার্কিন ফেডারেল রিজার্ভ এখনো কঠোর আর্থিক নীতি বজায় রেখেছে।
৭০ বছর পর আসাম থেকে নৌপথে বাংলাদেশে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু!

তিনি আরও বলেন, আগামী মাসগুলোতে সোনার দামের গতিপথ অনেকটাই ফেডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি শ্রমবাজারের সম্ভাব্য দুর্বলতা ফেড কতটা সামাল দিতে পারে, সেদিকেও নজর থাকবে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির শেষদিকে শুরু হওয়া ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের পর থেকে সোনার দাম ২০ শতাংশেরও বেশি কমেছে। দীর্ঘ মেয়াদে সুদের হার উচ্চ থাকার আশঙ্কাকে এই দরপতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ২ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৬৯২ দশমিক ৯০ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ১৬৫ দশমিক ৭৫ ডলারে নেমেছে। তিনটি ধাতুই সাপ্তাহিক লোকসানের মুখে রয়েছে।

















