বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তার দাবি, দলটির পায়ের নিচে আর মাটি নেই। ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে বৃহস্পতিবার (১ অক্টোবর) সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, তারা চেয়েছিলেন বিএনপি সরকার পাঁচ বছর ভালোভাবে দেশ পরিচালনা করুক। কিন্তু বর্তমানে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, এ কারণেই দলটি অস্বাভাবিক আচরণ শুরু করেছে।
এ সময় তারেক রহমানের নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন ডাকসু ভিপি। তিনি বলেন, বর্তমানে তারেক রহমানের হাতে দেশের নিয়ন্ত্রণ নেই এবং বিএনপির এমপি-মন্ত্রীরা ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন—এমন দাবি করেন তিনি।
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার বিষয়েও সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন সাদিক কায়েম। ‘ভেরিফিকেশন’-এর নামে রাজনৈতিক বিবেচনায় বিরোধী মতাদর্শের শিক্ষার্থীদের চাকরির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
সংবিধানের ২৯ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি চাকরিতে সবার সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। তার অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও সুপারিশকে চাকরির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকট এবং সারা দেশে লোডশেডিংয়ের জন্যও সরকারের নীতির সমালোচনা করেন ডাকসু ভিপি। এসব সমস্যার জন্য তিনি সরকারের ব্যর্থতা ও অযোগ্যতাকে দায়ী করেন।
এ সময় ডাকসুর এজিএস মহিউদ্দিন খানও বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় ‘ভেরিফিকেশন’-এর নামে দলীয়করণের অভিযোগ তোলেন। তার দাবি, বিসিএস ও প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক মতপার্থক্যের কারণে যোগ্য প্রার্থীদের গেজেটভুক্ত না করার ঘটনা ঘটছে।
মহিউদ্দিন খান বলেন, চাকরির ক্ষেত্রে দলীয় পরিচয় বা অন্য কোনো বিষয়কে প্রাধান্য না দিয়ে মেধাকে গুরুত্ব দিতে হবে। মেধার ওপর রাজনৈতিক প্রভাব চাপানোর পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত গেজেটে ৬৬৮ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর মধ্যে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

















