চাঁদপুরের ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় অনলাইন অ্যাক্টিভিস্ট এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী রকিবুল হাসান ওরফে ‘হ্যাকার রকিব’কে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশে থানা পুলিশের একটি দল উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রকিবুল হাসান বালিথুবা পশ্চিম ইউনিয়নের তরফদার বাড়ির সিফন তরফদারের ছেলে।
মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হ্যাকার রকিব দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জের স্থানীয় বিভিন্ন ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নানামুখী অপপ্রচার চালিয়ে আসছিল। একই সঙ্গে সে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের লোকজনকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছিল।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সাইবার অপপ্রচারে জড়িত রকিবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু শেষে আজ রবিবার (৪ অক্টোবর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”

















