সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায় বিভিন্ন দেশের নাগরিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটিতে হামলার সময় কোনো যাত্রী ছিলেন না। শুক্রবার (৯ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিমানবন্দরের স্থাপনা ও সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পরপরই জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
কর্তৃপক্ষ জানায়, হামলায় বিভিন্ন দেশের নাগরিক ও বাসিন্দাদের মধ্যে কয়েকজন হতাহত হয়েছেন। আহতদের কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া হামলায় বিমানবন্দরের কিছু স্থাপনা ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

অন্যদিকে, সৌদি এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, হামলার সময় বিমানবন্দরে মাটিতে থাকা তাদের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। তবে তখন উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না। এ ঘটনায় বিমান সংস্থাটির একজন কর্মী নিহত হয়েছেন বলেও নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সৌদি এয়ারলাইনস।
হামলার জন্য দায়ীদের পরিচয় এখনো প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। তবে হামলার পর বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়ার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে বিমানবন্দরে ফ্লাইট চলাচল আবার শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দর ও উড়োজাহাজে এসব হামলার ঘটনা ঘটেছে। তবে হামলার সঙ্গে ওই সংঘাতের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
















