কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, কাউনিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শামসুল হক সরকার এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার অনিতা রানী গুহ।
নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

এ সময় জাগরণী চক্র ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের সিএসও নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় জীবন ও সম্পদ রক্ষার কৌশল তুলে ধরা হয়। এ উপলক্ষে কাউনিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ড ও দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে এক মহড়া প্রদর্শন করেন।
















