মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের আলোচনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক। তাঁর উদ্দেশ্য ভালো থাকলেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, “সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।”
দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক

এ সময় দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বিএনপি সরকার সবাইকে নিরাপত্তা দেওয়ার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই। গত তিন-চার মাসের তথ্যেও বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ ক্ষুব্ধ হন, কষ্ট পান বা আঘাত বোধ করেন।
তিনি বলেন, বিষয়টি তুলে ধরতে গিয়ে তাঁকে ‘শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন’ বলে আখ্যা দেওয়া হতে পারে। তবে তাঁর উদ্দেশ্য বিভেদ সৃষ্টি করা নয়; বরং দুই সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়া বজায় রাখা।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, প্রয়োজনে দুই পক্ষের একসঙ্গে বসা উচিত। এতে ভুল-বোঝাবুঝির অবসান ঘটতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
















