মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে কেন্দ্র করে বিএনপির অ্যাক্টিভিস্টদের নিয়ে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, ইশরাকের পদত্যাগের খবরকে ঘিরে বিএনপির কর্মী-সমর্থকেরা একদিকে যেমন তাঁর পক্ষে লিখেছেন, অন্যদিকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পক্ষেও অবস্থান নিতে হয়েছে তাঁদের। পরে পদত্যাগের খবরটি ভুয়া বলে জানা যাওয়ায় তাঁরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।
রোববার (১৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভুয়া।’
দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক

হাসনাত আরও লেখেন, এখন বিএনপির অ্যাক্টিভিস্টদের আবারও ব্যাখ্যা করতে হবে, কেন প্রধানমন্ত্রী ইশরাককে পদত্যাগ করতে না বলার সিদ্ধান্ত নিয়েছেন, সেটি ভালো হয়েছে। তাঁর ভাষ্য, পদত্যাগের খবরকে কেন্দ্র করে দলের ভেতরে কারা ইশরাকের পদত্যাগে খুশি হয়েছেন এবং উল্লাস করেছেন, তা-ও সামনে এসেছে।
একই স্ট্যাটাসে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের পদত্যাগ দাবি করার পরামর্শ দেন হাসনাত আবদুল্লাহ। তিনি লেখেন, ‘এখন প্রতিমন্ত্রী ইশরাকের উচিত হবে পূর্ণমন্ত্রী জনাব পার্থের (তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ) পদত্যাগ দাবি করা। এই মিডিয়া ক্যুর পেছনে ওনার হাত আছে কি-না খতিয়ে দেখা উচিত।’
তবে ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে ঘিরে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের কোনো ভূমিকা রয়েছে কি না, সে বিষয়ে হাসনাতের স্ট্যাটাসে কোনো প্রমাণ তুলে ধরা হয়নি। বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।

















