অসুস্থ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় আনা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ২৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসা চলবে।
ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এর আগে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একটি কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাকে একাধিক ব্যাগ রক্তও দেওয়া হয়।
শারদীয় দুর্গোৎসবের প্রযুক্তিনির্ভর নিরাপত্তায় আনসার-ভিডিপির দৃষ্টান্ত

এদিকে ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তাকে দেখতে হাসপাতালে ভিড় করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, চিকিৎসকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় তিনি সবার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চান।
দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছেও দোয়া কামনা করেছেন ভূমিমন্ত্রী।
সূত্র: বাসস

















