মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির (এমআরইউ) সদস্য ও তাঁদের পরিবারের জন্য বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে রাজধানীর ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর করেছে সংগঠনটি। চুক্তির আওতায় সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের নির্ধারিত পরিবারের সদস্যরা হাসপাতালটির বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় পাবেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সেমিনার কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে এমআরইউ। চুক্তি অনুযায়ী, সংগঠনটির সদস্যদের পাশাপাশি তাঁদের পিতা-মাতা, স্বামী বা স্ত্রী এবং সন্তানরাও নির্ধারিত শর্তে এ সুবিধা গ্রহণ করতে পারবেন।
আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমআরইউর পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি শাহরিয়ার নাঈম ও সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দীন। অন্যদিকে, হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মুহা. হাফিজুর রহমান এবং সহকারী ব্যবস্থাপক (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল।
অনুষ্ঠানে এমআরইউর সহসভাপতি ইসলাম উদ্দিন, দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত, কার্যনির্বাহী সদস্য আবুল খায়ের (বৈশাখী টিভি) ও শিমুল হাওলাদার (গ্লোবাল টিভি) উপস্থিত ছিলেন। এ ছাড়া সংগঠনটির সদস্য হেদায়েতুল্লাহ তুর্কী, বাপ্পি (দেশ টিভি), ইমরান (নাগরিক টিভি), ইসা (মোহনা টিভি), রনি (নিরপেক্ষ)সহ অন্যান্য সদস্য অনুষ্ঠানে অংশ নেন।
হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মোজাফফর হাসান খান মজলিস, সিনিয়র এক্সিকিউটিভ (করপোরেট) মো. হিরো মিয়া এবং মো. ইমরান হোসেন।
অনুষ্ঠানে এমআরইউর সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে সংগঠনটি। স্বাস্থ্যসেবার পাশাপাশি কর্মসংস্থান, নিরাপত্তা এবং সাংবাদিকদের প্রয়োজনসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।
সদস্যদের স্বাস্থ্যসেবার অংশীদার হিসেবে যুক্ত হওয়ায় ইনসাফ বারাকাহ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ মাল্টিমিডিয়া সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকেও এমআরইউর সদস্যদের পাশে থাকার এবং তাঁদের স্বাস্থ্যসেবায় সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ চুক্তির ফলে এমআরইউর সদস্য ও তাঁদের পরিবারের জন্য মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ ও সাশ্রয়ী হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কল্যাণ ও স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
















