গাজীপুরের শ্রীপুরে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, তুলার গুদাম ও বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাতে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে বাজারের একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের তীব্রতা বাড়তে থাকলে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

তবে ততক্ষণে আগুনে ঝুট ও তুলার গুদাম, একটি স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, একটি ভাঙারির দোকান এবং একটি মসজিদ পুড়ে যায়। এতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল করিম জানান, প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানতে তদন্ত চলছে।

















