সরকারের ভালো উদ্যোগে সমর্থন এবং ভুল ও অনিয়মের সমালোচনা করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চায় জামায়াত।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ক্ষমতা বা গদি চিরস্থায়ী নয়। ক্ষমতা অর্জন তাদের মূল লক্ষ্য নয়; বরং দেশবাসীর ভালো থাকাই প্রধান লক্ষ্য। অতীতে সরকারি দলকে অন্ধ সমর্থন কিংবা সংসদে অস্থিতিশীলতা তৈরির যে সংস্কৃতি ছিল, তা থেকে বেরিয়ে ইতিবাচক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে চান তারা। সরকারের ভালো উদ্যোগে সমর্থন জানালেও ভুল ও অনিয়মের সমালোচনা করতে পিছপা হবেন না বলে জানান তিনি।
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, পুলিশ বাহিনীতে অনেক দায়িত্বশীল ও দেশপ্রেমিক কর্মকর্তা থাকলেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ মন্ত্রণালয়ের কাজে আরও মনোযোগী হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
সীমান্ত দিয়ে অবৈধ অর্থ ও প্রাণঘাতী অস্ত্র প্রবেশের বিষয়েও প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তার ভাষ্য, ভারত থেকে অবৈধ অর্থ ও প্রাণঘাতী অস্ত্র দেশে প্রবেশ করলে সরকারের লাভ কী? এসবের কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অনেক সংসদ সদস্য ও মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকার পরও যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, নীতির প্রশ্নে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। ভুল করলে সংশোধনের সুযোগ দেওয়া উচিত, তবে অপরাধ করলে ছাড় দেওয়া উচিত নয়।
নিজ দলের এক সংসদ সদস্যকে বহিষ্কারের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, ওই সংসদ সদস্যকে দল থেকে বাদ দিতে তারা ২৪ ঘণ্টাও সময় নেননি। তার সঙ্গে দলের আর কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।
















