লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজারে সারের দাবিতে বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছিলেন সাধারণ কৃষকরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত স্থানীয় কৃষকরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে রাখেন। পরবর্তীতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে আলোচনা করেন। এরপর সার দেওয়া শুরু হলে বিক্ষোভকারীরা মহাসড়কের অবরোধ তুলে নেন।
জানা গেছে, পাটিকাপাড়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডের মধ্যে প্রতিদিন ১টি করে ওয়ার্ডে সার দেওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার ৯টি ওয়ার্ডের লোকজন একসঙ্গে সারের জন্য আসার কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। হাতীবান্ধা উপজেলায় ১৫ থেকে ২০ দিন পর ভুট্টা লাগানোর জন্য সারের প্রয়োজন হবে। তাই কৃষকরা আগে থেকেই সার মজুত করার জন্য ডিলার পয়েন্টে ভিড় করেছিলেন বলে জানা যায়।
নিজ হাতে তৈরি ‘জিয়াবাড়ি’ প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিতে চান কাওছার!

পাটিকাপাড়া ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মুন্না ট্রেডার্সের মালিক মশিউজ্জামান মুন্নার স্থায়ী ঠিকানা কুড়িগ্রাম জেলায় হওয়ায় স্থানীয়ভাবে ম্যানেজার আসাদুজ্জামানের মাধ্যমে তিনি সার বিতরণ করতেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, সার বিতরণ নিয়ে ডিলার ও কৃষকদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি ছিল। পরে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে।

















