জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারের চেয়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে বেশি বিশ্বাসী বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রবিউল ইসলাম নয়ন বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিভিন্ন সংকটময় সময়ে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে যুবদল। অতীতে সংগঠনটির নেতাকর্মীরা গুলি, হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। বছরের পর বছর নির্যাতন চালিয়েও যুবদলকে দমিয়ে রাখা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন এই নেতা।
আইজিপি সহজ-সরল মানুষ, অসতর্কতাবশত বলে ফেলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই-আগস্টের আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে ধরে নয়ন বলেন, সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামসহ নেতারা ওই আন্দোলনে ভূমিকা রেখেছেন।
তাঁর দাবি, সে সময় গণমাধ্যমের ওপর নজরদারি থাকায় আন্দোলনের সব ঘটনা প্রকাশ করা সম্ভব হয়নি। তবে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য থেকে আন্দোলনে যুবদলের অংশগ্রহণের বিষয়টি সামনে এসেছে।
যুবদল কখনো থেমে থাকতে পারে না উল্লেখ করে রবিউল ইসলাম নয়ন বলেন, দেশের প্রয়োজনে সংগঠনটির নেতাকর্মীরা সব সময় দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন।
তিনি অভিযোগ করেন, একটি পক্ষ যুবদলকে হেয় করতে এবং সংগঠনটির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে যুবদলের নেতাকর্মীরা কথার চেয়ে কাজে বেশি গুরুত্ব দেন। তাঁর ভাষায়, ‘তারা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী।’
নয়ন আরও বলেন, যুবদল গুপ্ত হামলার রাজনীতিতে বিশ্বাস করে না; বরং রাজপথে থেকে অন্যায় ও নির্বিচারে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আন্দোলন-সংগ্রামে বারবার অংশ নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা নিজেদের অবস্থান তুলে ধরেছেন বলেও দাবি করেন তিনি।

















