রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে যাত্রীবাহী নৈশ কোচের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার (২৮ অক্টোবর) ভোরে বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি ড্রাম ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় খান পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ কোচ ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রীরা হতাহত হন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ায় মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা!

দুর্ঘটনার খবর পেয়ে পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাঁরা হতাহতদের উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনায় তিনজন নিহত ও ১২ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ওসি আরও জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
















