আজারবাইজানের বাকুতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালের ই-টায়ারের কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। দাপুটে এই জয়ে জোড়া গোল করেছেন পাভেল হাসান। টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয় এবং আট ম্যাচে চতুর্থ জয়।
বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। এর ফলও আসে দ্রুত। ম্যাচের নবম মিনিটে বায়েজিদের দুর্দান্ত গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় বাংলাদেশের যুবারা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে ফেলে তারা। এই অর্ধে পরপর দুই গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন পাভেল হাসান। এর মাঝেই বাংলাদেশের হয়ে আরেকটি গোল করেন শিবাক।
স্পেনের ট্রেন দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা, যা জানালেন কুকুরেয়ার প্রেমিকা!

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয় তরুণ ফুটবলাররা।
আট ম্যাচে চার জয় এবং টানা দুই জয়ে বাংলাদেশের যুবারা এখন সেমিফাইনালে আরও ভালো করার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে।

















