জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রার আগে যান্ত্রিক ত্রুটিতে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট। টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতিকালে উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটি ধরা পড়ায় যাত্রা স্থগিত করা হয়। এতে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। তবে পুশব্যাকের পর রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। এরপর নিরাপত্তার স্বার্থে পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্বের মুখে পড়েছে।
আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর!

বিমান সূত্রে জানা গেছে, বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরে রানওয়ের দিকে যাওয়ার সময় ত্রুটির সংকেত পাওয়ায় কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে সেটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা। সংশ্লিষ্ট কারিগরি দলের সদস্যরা ত্রুটি নির্ণয় করে সেটি সমাধানের চেষ্টা করছেন। প্রকৌশলীদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, মেরামত ও প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে কাজ শেষ হওয়ার পরই ফ্লাইটটির পরবর্তী যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উড়োজাহাজের স্পয়লার ডানার ওপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণব্যবস্থা। অবতরণের সময় এটি উড়োজাহাজের উড্ডয়নজনিত উত্তোলনক্ষমতা কমিয়ে গতি নিয়ন্ত্রণে সহায়তা করে। তাই স্পয়লারে ত্রুটি দেখা দিলে নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও মেরামত সম্পন্ন করা জরুরি।
উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন। পাশাপাশি দেশটির বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে অংশ নেন।
















