গাজীপুর সংবাদদাতা:
বেতন-ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার দুপুরে শ্রমিকদের অবরোধের কারণে প্রায় এক থেকে দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পর বেতন-ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে কাজে যোগ না দিয়ে প্রথমে কাশিমপুর শিল্পাঞ্চলের শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে জরুন এলাকায় রিপন, ইসলাম, স্ট্যান্ডার্ড গ্রুপ, কটন ক্লাব, মণ্ডল ও মাল্টি ফ্যাবস লিমিটেডসহ আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা বিক্ষোভে যোগ দেন।
পাবনায় বিএনপি নেতা ও হাটের ইজারাদার দুইজনকে গুলি করে হত্যা

একপর্যায়ে কোনাবাড়ী বিসিক এলাকার শ্রমিকেরা অন্যান্য কারখানার শ্রমিকদেরও বেরিয়ে আসার আহ্বান জানান। পরে বিভিন্ন কারখানার শ্রমিকেরা একত্র হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
















