মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ: পর্ব ১’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-তে হাজির হয়ে নিজের জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, তা নিয়ে কথা বলেছেন তিনি। হবু সঙ্গীর গুণাবলির কথা বলতে গিয়ে ভালো মানুষ হওয়ার পাশাপাশি রান্না জানার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন এই অভিনেত্রী।
অনুষ্ঠানে সঞ্চালক অমিতাভ বচ্চন সাই পল্লবীর কাছে জানতে চান, জীবনসঙ্গী হিসেবে একজন পুরুষের মধ্যে কী কী গুণ থাকা প্রয়োজন। উত্তরে অভিনেত্রী জানান, তাঁর জীবনসঙ্গীকে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। একই সঙ্গে তাঁকে আত্মকেন্দ্রিক না হয়ে আত্মসমালোচনার মানসিকতা সম্পন্ন হতে হবে।
সাই পল্লবীর মতে, একজন মানুষের নিজের কাজ ও আচরণ পর্যালোচনা করার ক্ষমতা থাকা জরুরি। ভুল করলে তা উপলব্ধি করে সংশোধন করার মানসিকতা থাকতে হবে তাঁর মধ্যে। নিজের ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে না দিয়ে তা স্বীকার করার সৎসাহসও থাকা প্রয়োজন।
দেবের হাত ধরে হল ছাড়লেন শুভশ্রী, একাই ছবি দেখলেন রাজ!

তবে জীবনসঙ্গীর গুণাবলি নিয়ে এই গম্ভীর আলোচনার মধ্যেই মজার একটি শর্ত যোগ করেন সাই পল্লবী। হাসিমুখে তিনি জানান, তাঁর হবু সঙ্গী যদি ভালো রান্না করতে পারেন, তাহলে সেটি হবে বাড়তি একটি যোগ্যতা। অর্থাৎ, ভালো মানুষ হওয়ার পাশাপাশি রান্নায় পারদর্শী পুরুষও তাঁর পছন্দের তালিকায় এগিয়ে থাকবেন।
অভিনেত্রীর এই মন্তব্যের পর তাঁর জীবনসঙ্গী নিয়ে প্রত্যাশার বিষয়টি আলোচনায় এসেছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরের মতো সংযত সাই পল্লবী এবারও নিজের পছন্দের কথা জানালেন সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে।

















