স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের ঠিক পেছনের ট্রেনে থাকায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার মার্ক কুকুরেয়ার জীবনসঙ্গী ক্লদিয়া রদ্রিগেজ। দুর্ঘটনার পর নিজের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে তিনি জানিয়েছেন, ঘটনাটি তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাটি আরেকটু পরে ঘটলে তাঁর ট্রেনও বিপদে পড়তে পারত—এমন আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি।
স্পেনের তোলেদো প্রদেশের উর্দা এলাকায় গত বুধবার (২৮ অক্টোবর) দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৬৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর হতাহত ব্যক্তিদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ক্লদিয়া।
দুর্ঘটনার সময় ক্লদিয়া মালাগার উদ্দেশে যাত্রা করছিলেন। দুর্ঘটনাকবলিত ট্রেনটির ঠিক পেছনের ট্রেনে ছিলেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা জানিয়ে ক্লদিয়া লেখেন, ‘আমি পেছনের ট্রেনে মালাগার দিকে যাচ্ছিলাম। আমি মানসিকভাবে বিপর্যস্ত। নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার পূর্ণ সমর্থন রইল।’
মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ!

নিজের শারীরিক অবস্থার বিষয়ে আশ্বস্ত করে ক্লদিয়া জানান, তাঁর ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়নি। দুর্ঘটনাকবলিত ট্রেনটির সঙ্গে তাঁদের ট্রেনের যথেষ্ট দূরত্ব থাকায় তাঁরা সরাসরি বিপদের মুখে পড়েননি। তবে একই রেলপথে চলাচলের কারণে তাঁদের ট্রেনের যাত্রা পরিবর্তন করে আবার মাদ্রিদে ফিরিয়ে নেওয়া হয়।
তবে অল্পের জন্য রক্ষা পাওয়ার বিষয়টি তাঁকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। দুর্ঘটনাটি আরেকটু পরে ঘটলে তাঁর ট্রেনও একই পরিণতির শিকার হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ক্লদিয়ার ভাষায়, ‘এটা ভাবতেই আমার ভেতরটা কেঁপে উঠছিল যে, দুর্ঘটনাটি যদি আরেকটু পরে ঘটত, তাহলে আমার ট্রেনও একই পরিণতির শিকার হতে পারত। ওই ট্রেনে থাকা মানুষগুলো যা সহ্য করেছেন, তার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।’
এদিকে, ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার প্রভাব পড়েছে স্পেনের ফুটবল অঙ্গনেও। দুর্ঘটনার খবরের পর রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) কোপা দেল রের ২৪টি ম্যাচ স্থগিত করেছে।

















