বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নিখোঁজ হওয়ার পর থেকে তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জাতির সামনে তুলে ধরার পাশাপাশি ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব দাবি জানান নাহিদ ইসলাম।
স্ট্যাটাসে তিনি লেখেন, নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার ঢাকার তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বিস্ময় ও গভীর শোক প্রকাশ করে তিনি তাহসিফের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
মির্জা ফখরুলের বিরুদ্ধে লড়েও ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দেলাওয়ার!

নাহিদ ইসলাম আরও বলেন, তাহসিফের মৃত্যুর ঘটনা অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। নিখোঁজ হওয়ার পর তাঁর সঙ্গে কী ঘটেছিল, তার বিস্তারিত তথ্য জাতির সামনে স্পষ্ট করা প্রয়োজন।
তিনি আরও দাবি জানান, এ ঘটনায় কেউ জড়িত থাকলে দ্রুত তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।
স্ট্যাটাসের শেষাংশে নাহিদ ইসলাম মরহুম তাহসিফ সাউরির আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।

















