গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ মো. বাদল মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় শামীম (৩৮) নামে অপর এক অভিযুক্ত কৌশলে পালিয়ে যান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে গোবিন্দগঞ্জ উপজেলার ৯ নম্বর হরিনাথপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ক্রোড়গাছা (হরিরামপুর) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় মো. বাদল মন্ডলের বসতবাড়ির একটি কক্ষ থেকে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের অভিযোগে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ৫০০ গ্রাম শুকনো গাঁজা জব্দ করা হয়।
সাত দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের প্রথম আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

গ্রেফতার মো. বাদল মন্ডল ওই এলাকার মৃত তৈয়ব আলী মন্ডলের ছেলে। অপর অভিযুক্ত শামীম একই এলাকার দুদু হাজীর ছেলে।
এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(ক) ও ৪১ ধারায় রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
















