শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশটুকুও থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। তার দাবি, শেখ হাসিনার দেশে ফেরার মধ্য দিয়ে দলটির রাজনৈতিক অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে যাবে। একই সঙ্গে জাতীয় পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন সারজিস আলম।
শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে তারা কোনো গুজবকে গুরুত্ব দিচ্ছেন না।
দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গে সারজিস বলেন, শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন, সেদিন আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশটুকুও থাকবে না। দলটির রাজনীতির পুরোপুরি কবর রচিত হবে।
জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে পতনের পর দলটির বিষয়ে কিছুদিন আলোচনা থাকলেও এবারের নির্বাচনে এসে তাদের রাজনৈতিক অবস্থানের চূড়ান্ত পরিণতি হয়েছে বলে তিনি মনে করেন।
গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের ক্ষোভের প্রসঙ্গ তুলে সারজিস বলেন, যারা হাত-পা কিংবা স্বজন হারিয়েছেন, তাদের ক্ষোভের গভীরতা সরাসরি কথা না বললে বোঝা সম্ভব নয়। দেশের যেকোনো প্রান্তে স্বৈরাচার বা গণহত্যাকারীদের উপস্থিতি ঘটলে ক্ষুব্ধ জনতা তাদের প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ৫ আগস্ট গণভবনের পরিস্থিতির প্রসঙ্গ টেনে সারজিস বলেন, ডিসেম্বরে বাংলাদেশের মানচিত্রের কোথাও তাদের অস্তিত্ব পাওয়া গেলে একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
অন্যদিকে, জামায়াতের সঙ্গে এনসিপির রাজনৈতিক সম্পর্ক ও জোটের অবস্থান নিয়েও কথা বলেন তিনি। সারজিস জানান, জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী জোট হয়েছিল এবং বর্তমানে সংসদে বিরোধীদলীয় জোট হিসেবে দলগুলো একসঙ্গে কাজ করছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি দল এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

















