এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি। পাশাপাশি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় বিএনপি আমলে পরীক্ষায় পাস করাকে ভবিষ্যতে গর্বের বিষয় হিসেবে তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি মন্তব্যও আলোচনায় এসেছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রেজাউল করিম রনি লেখেন, ‘ফেল করার সাথে ফাঁসির কোনো সম্পর্ক নাই। রবীন্দ্রনাথও কোনো পরীক্ষায় পাস করে নাই—মনে রাখবা। ফলে যারা রেজাল্ট খারাপ করছো, তোমার মধ্যেও সম্ভাবনা আছে।’
তিনি আরও লেখেন, ‘জীবনের চেয়ে পাস করা বড় কিছু না। বেঁচে থাকলে বহু পাস করতে পারবে। তবে লীগ আমলের জিপিএ ফাইভ বা পাস করাটা একটা লেস ভ্যালু ক্যারি করবে আগামীতে।’
দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি আমলে পাস করার বিষয়টি উল্লেখ করে রেজাউল করিম রনি বলেন, ‘ভবিষ্যতে মানুষ পরিচয় দেবে, আমি কিন্তু বিএনপি আমলে পাস করছি। আর বিএনপি আমলে পাস করছি বলে গর্ব করবে। বিএনপি আমলে জিপিএ ফাইভ পাইছি বলে একটু ভাবও নিতে পারে।’
পড়াশোনায় মনোযোগ ফেরানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘মানে এই আমলে পাস করা, ভালো রেজাল্ট করা একটা আলাদা বিষয়। তারাশঙ্করের সেই কথাটার মতো—আমাদের বিদ্যায় এত ধার কেন জানো, আমরা ১০ মাইল হেঁটে ইস্কুলে গিয়ে পড়ে থাকি। অত সহজ না, পড়ার টেবিলে ফিরতে হবে। অনেক হয়েছে।’
পোস্টের শেষাংশে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে শুভকামনা জানিয়ে তিনি লেখেন, ‘যারা ফেল করছো তাদের সবার জন্য শুভ কামনা। এক মাসের মধ্যে আবার তাদের পরীক্ষা নেওয়া হবে। এটা ভালো উদ্যোগ। জীবন অনেক সম্ভাবনাময়, এক পরীক্ষার রেজাল্ট দিয়া তোমার সাফল্য বা ব্যর্থতা ঠিক করার কিছু নাই।’
















