এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে এ অর্থ বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে।
রোববার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থ বিভাগের সচিবের কাছে এ চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, কল্যাণ এবং সার্বিক সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। এ ছাড়া শিক্ষা খাতে বাজেটের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়েছে।
আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!


চিঠিতে আরও বলা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। তাঁদের জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন হবে। সব মিলিয়ে অতিরিক্ত অর্থের পরিমাণ দাঁড়াবে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।
এ অবস্থায় ২০২৬-২৭ অর্থবছরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে, এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি জানিয়েছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেলে অন্তর্ভুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। শিক্ষকদের দাবি পূরণে কাজ করে যাওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।

















