ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম সোমবার (২ নভেম্বর) রাত ৮টা থেকে কার্যকর হবে। একই সঙ্গে বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও।
সোমবার সন্ধ্যায় নতুন দাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। এতে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। এ ছাড়া আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে।
স্বর্ণের দামে টানা পতন, চার দফায় ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি!

বিইআরসি জানিয়েছে, ১২ কেজির সিলিন্ডারে আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ টাকা ৭৬ পয়সা করা হয়েছে। ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ রয়েছে। গত অক্টোবর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হলেও রাজধানীর বিভিন্ন এলাকায় তা ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।
সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই এলপিজির বাজারে অস্থিরতা দেখা দেয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পর আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দিলে ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডারও কোথাও কোথাও ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হতে থাকে।
















