সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় জারুলিয়া গ্রামের গৌরাঙ্গের বসতঘরে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। একপর্যায়ে আগুনের তীব্রতা বেড়ে পাশাপাশি থাকা ১৩টি বসতঘর পুড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এরই মধ্যে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে পুলিশের মাইকিং!

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের তীব্রতায় গ্রামের ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
















