বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ১৬৫ রেকর্ড করা হয়েছে। ফলে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া প্রথম পাঁচটি দূষিত শহরের মধ্যে তিনটিই দক্ষিণ এশিয়ার।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ৪৪৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। শহরটির বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে।
‘সামনে আর কী কী বাড়বে, বিএনপি সরকার আগেভাগেই প্ল্যানটা জানিয়ে দিক’: নাসীরুদ্দীন পাটওয়ারী

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির একিউআই স্কোর ২০২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৯২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।
এ ছাড়া ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। আর ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ভিত্তিতে। এগুলো হলো—বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোন।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাকে চিহ্নিত করা হয়েছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। সংস্থাটির হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতিবছর বায়ুদূষণের কারণে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

















