বাসাবাড়িতে উৎপাদিত সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনবে সরকার। সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে এ উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারি-বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতে কর ও শুল্ক সুবিধা দেওয়ার বিষয়টিও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার উদ্যোগ নিচ্ছে। এ ক্ষেত্রে সাধারণ মানুষ যেন নিজেদের বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী হন, সে জন্য উৎপাদিত বিদ্যুৎ সরকার নির্ধারিত দামে কিনবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ৫০ পয়সা।
‘সামনে আর কী কী বাড়বে, বিএনপি সরকার আগেভাগেই প্ল্যানটা জানিয়ে দিক’: নাসীরুদ্দীন পাটওয়ারী

তিনি সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে কর ও শুল্ক সুবিধা দেওয়ার বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
সৌরবিদ্যুতের প্রসার ও ব্যবহার ত্বরান্বিত করার লক্ষ্যে দুই দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাসাবাড়িতে উৎপাদিত সৌরবিদ্যুৎ সরকার নির্ধারিত দামে কেনার উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ ছাদে সৌর প্যানেল স্থাপনে আরও উৎসাহিত হবেন। এতে জাতীয় বিদ্যুৎ চাহিদা পূরণে সৌরশক্তির অবদান বাড়ার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
















