চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ছন্দে থাকা অ্যাস্টন ভিলার জয়ের ধারায় ছেদ টানল বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ইংলিশ ক্লাবটিকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কাতালান জায়ান্টরা। ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। অন্য গোলটি করেছেন স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামাল। এই জয়ের মধ্য দিয়ে আগের ম্যাচে পিএসজির কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা।
মঙ্গলবার (৩ নভেম্বর) নিজেদের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে মুখোমুখি হয় বার্সেলোনা ও অ্যাস্টন ভিলা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। বার্সেলোনার উচ্চগতির প্রেসিং সামলাতে গিয়ে শুরুতেই চাপে পড়ে উনাই এমেরির দল।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। নিজেদের ডি-বক্সের ভেতর থেকে বল ক্লিয়ার করতে গিয়ে ভুল পাস দেন অ্যাস্টন ভিলার জোয়াও গোমেস। বল পেয়ে যান লামিনে ইয়ামাল। সুযোগ কাজে লাগিয়ে গোলরক্ষক জিয়ন সুজুকিকে পরাস্ত করে জালে বল পাঠান এই স্প্যানিশ তরুণ।
নতুন অধিনায়ক নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির!

এই গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে নতুন রেকর্ড গড়েন ইয়ামাল। প্রতিযোগিতাটির ইতিহাসে কিশোর বয়সে সর্বোচ্চ গোলের মালিক এখন তিনি। চ্যাম্পিয়নস লিগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪টি। এর মাধ্যমে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে গেছেন তিনি। কিশোর বয়সে এই প্রতিযোগিতায় এমবাপ্পের গোল ছিল ১৩টি। ১০ গোল নিয়ে তালিকার পরের অবস্থানে রয়েছেন আর্লিং হালান্ড।
প্রথম গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে অ্যাস্টন ভিলা। কয়েকবার বার্সেলোনার রক্ষণভাগে চাপও তৈরি করে তারা। ম্যাটি ক্যাশের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে জোয়াও গোমেসের প্রচেষ্টা আটকে দেন জোয়াও কানসেলো। নিকোলাস জ্যাকসনের বিপজ্জনক আক্রমণও দক্ষতার সঙ্গে সামাল দেন বার্সেলোনার গোলরক্ষক গার্সিয়া।
তবে বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। ফারমিন লোপেজের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে নিখুঁত শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
দুই গোলে পিছিয়ে পড়েও ব্যবধান কমানোর চেষ্টা চালায় অ্যাস্টন ভিলা। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে বার্সেলোনা। একপর্যায়ে জোরালো শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান কানসেলো। পরে তার দুর্দান্ত ক্রস থেকেই ম্যাচের তৃতীয় গোলটি পায় বার্সেলোনা। কাছ থেকে পা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল তার ১৯তম গোল।
এদিকে ম্যাচ শুরুর আগে চ্যাম্পিয়নস লিগের ঐতিহ্যবাহী সংগীত বাজানো হয়নি। স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে সংঘর্ষের পর হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেলের প্রতি শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ম্যাচ শেষে রাফিনিয়াও জয় উদ্যাপনের চেয়ে প্রয়াত ফুটবলারের পরিবারের প্রতি সমবেদনা জানানোকে বেশি গুরুত্ব দেন। স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টারকে তিনি বলেন, জয়টি সমর্থকদের উৎসর্গ করতে চান। তবে ওই দিন ফুটবল নিয়ে কথা বলার ইচ্ছা নেই তার।
বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরির জন্যও ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এর আগে পিএসজির দায়িত্বে থাকাকালে ২০১৭ সালে বার্সেলোনার মাঠে ৬-১ গোলের ঐতিহাসিক হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তার। এবারও বার্সেলোনার আক্রমণ সামলাতে ব্যর্থ হয়ে বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এমেরির দলকে।
এই জয়ের ফলে ইউরোপীয় প্রতিযোগিতায় ঘুরে দাঁড়ানোর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের শীর্ষ আটে জায়গা করে নেওয়ার লড়াইয়েও নিজেদের অবস্থান শক্ত করল বার্সেলোনা।
















